বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা প্রাইভেট কার চালক বাবুল হত্যা মামলায় দেশ টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আরিফ হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মো. আবু সাঈদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, মো. আরিফ হাসান এর আগে একাধিক মামলায় গ্রেপ্তার আছেন। গ্রেপ্তারের আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, আসামি আরিফ হাসান এই হত্যাকাণ্ড ও হামলার ঘটনাটি সংঘটিত করার জন্য 'মূল অর্থ জোগানদাতা' হিসেবে কাজ করেছেন এবং তার সহযোগীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সহিংসতায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আদালতে গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। অপরদিকে, আরিফ হাসানের আইনজীবী তাহমিনা সুলতানা আদালতে গ্রেপ্তারের আবেদন নামঞ্জুরের শুনানি করেন। তিনি আদালতে বলেন, সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তার নামে নয়টি মামলা আছে। তার হার্টে রিং পরানো। একই দিনে বিভিন্ন জায়গায় গিয়ে সে কীভাবে হামলা করে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। ওই বছরের ১৮ জুলাই উত্তরা এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন প্রাইভেটকার চালক বাবুল। পরে চিকিৎসাধীন অবস্থায় উত্তরা উইমেন মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এই ঘটনায় গত বছরের ২২ জুলাই বিমানবন্দর থানায় ভিক্টিম বাবুলের স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেন।
এনআর/জেডএস
