২০০৭ সালে কিশোরগঞ্জের করিমগঞ্জের দেওপুর এলাকায় বরজু মিয়ার ছেলে জামান (২২) হত্যা মামলায় বিচারিক আদালতে খালাস পাওয়া আট আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিচারিক আদালতের দেওয়া খালাসের রায় কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
জামানের বোন হাওয়া আক্তারের করা রিভিশনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (২৩ জুন) বিচারপতি মো.আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. মোস্তফা জামাল ভূঁইয়া। আদেশের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
আইনজীবী জানান, কিশোরগঞ্জের করিমগঞ্জের দেওপুর এলাকায় বরজু মিয়ার ছেলে জামান ২০০৭ সালের ২৩ নভেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে খুন হয়। পরদিন বরজু মিয়া থানায় মামলা করেন।
২০১১ সালের ২২ ফেব্রুয়ারি আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। তারা হলেন- একই এলাকার রফিক, রাকিব, ছিদ্দিক, গোলাপ মিয়া, রনজু মিয়া, দুঃখু মিয়া, রিপন মিয়া ও রানু মিয়া। বিচার শেষে ২০২৫ সালের ৩ জুন অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সাবরিনা আলী সব আসামিকে খালাস করে রায় দেন।
জামানের বোন ও মামলার সাক্ষী হাওয়া আক্তার নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করেন। আদালত রুল জারি করে আসামিদের আত্মসমর্পণ করতে নির্দেশ দেন।
এমএইচডি/জেডএস
