বিজ্ঞাপন

অনলাইনে প্রতারণার মামলায় আইনজীবী ৪ দিনের রিমান্ডে

অনলাইনে প্রতারণার মামলায় আইনজীবী ৪ দিনের রিমান্ডে

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের মেয়ে আদিবার ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের মামলায় আইনজীবী শফিক নজরুলকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

একইসঙ্গে বাংলাদেশ বার কাউন্সিলের করা পৃথক প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদনও মঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

​মামলার নথি সূত্রে জানা যায়, খুরশীদ আলম নামের এক ব্যক্তি বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়, শফিক নজরুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে "LAW DOCTOR" নামে একটি পেজ পরিচালনা করে বার কাউন্সিল পরীক্ষার্থীদের টার্গেট করতেন। ওই পেজে ‘১০০টি এমসিকিউ পড়লেই নিশ্চিত পাস’এমন বিজ্ঞাপন প্রচার করে পরীক্ষার্থীদের আকৃষ্ট করা হতো।

অভিযোগ রয়েছে, এক ব্যবসায়ী পরীক্ষার্থী ওই বিজ্ঞাপন দেখে তার সঙ্গে যোগাযোগ করলে শফিক নজরুল নিজেকে প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় দেন। বিশ্বাস অর্জনের জন্য তিনি প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান এবং অ্যাটর্নি জেনারেলের পরিবারের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন এবং তাদের ছবি ব্যবহার করেন। পরে বার কাউন্সিল পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ওই ভুক্তভোগীর কাছে আট লাখ টাকা দাবি করে ডাচ-বাংলা ব্যাংক ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ধাপে ধাপে চার লাখ পাঁচ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু গত ১২ জুন অনুষ্ঠিত বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় ভুক্তভোগী অকৃতকার্য হলে প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। 

এনআর/এসএম

বিজ্ঞাপন