বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির উদ্যোগে (জবিআস) দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার) বিকেলে ঢাকার জজ কোর্ট এলাকার স্টার হোটেলে এই উৎসবের আয়োজন করা হয়। জবিআসের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে অতিথি হিসেবে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন। ফল উৎসবের প্রশংসা করে উপস্থিত নবীন আইনজীবীসহ সকলকে শুভেচ্ছা জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্যে তিনি উপস্থিত নবীন আইনজীবীদের বিভিন্ন আইনি পরামর্শ দেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির সভাপতি মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন পলাশের সার্বিক তত্ত্বাবধানে উৎসবটি সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জবিআসের কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আরিফ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হযরত আলী, ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এ্যানি, ক্রীড়া সম্পাদক সোহেল খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলসহ সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা।
হরেক রকমের দেশীয় ফলের সমাহারে মুখরিত এই আয়োজন আইনজীবীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ ও সৌহার্দ্যের আবহ তৈরি করে। বক্তারা জবিআসের এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন এবং আগামীতেও এই ধারা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এনআর/এসএএস/এনএফ
