নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে ডাটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা ৬০ দিনের মধ্যে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ (বৃহস্পতিবার) এ সংক্রান্ত রিট মামলা নিষ্পত্তি করে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্ত্তীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম মুকুল। তিনি বলেন, রায়ের অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে লিখিত পরীক্ষা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৯ সালের ২০ মে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় এক বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে ডাটা এন্ট্রি অপারেটর (গ্রেড-১৬) পদে ৪৬৮ জনকে নিয়োগের কথা উল্লেখ করা হয়। ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে ২০২৪ সালের ২৮ মার্চ অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ১৯ হাজার ৫৬২ জন উত্তীর্ণ হয়। কিন্তু গত দুই বছরেও উত্তীর্ণদের লিখিত পরীক্ষা গ্রহণ করেনি নির্বাচন কমিশন সচিবালয়।
পরে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শহীদুল ইসলামসহ ৬৬ জন হাইকোর্টে রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানিতে গত বছরের ১০ নভেম্বর হাইকোর্ট সংশ্লিষ্ট সচিবালয়কে ৬০ দিনের মধ্যে পরীক্ষা গ্রহণ করার নির্দেশ দেন। কিন্তু এরপরও পরীক্ষা গ্রহণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
শুনানিকালে নির্বাচন কমিশন পক্ষের আইনজীবী আদালতকে জানান যে, আগামী ১০ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। জবাবে রিটকারী পক্ষের আইনজীবী নুরুল ইসলাম মুকুল বলেন, ইতঃপূর্বে চারবার পরীক্ষা গ্রহণের জন্য দিন ধার্য করা হলেও কোনো পরীক্ষা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। ফলে এই ধার্য করা দিনেও যে পরীক্ষা গ্রহণ করা হবে তার নিশ্চয়তা কোথায়।
শুনানি শেষে হাইকোর্ট জারিকৃত রুল নিষ্পত্তি করে নির্বাচন কমিশন সচিবালয়কে ৬০ দিনের মধ্যে পরীক্ষা গ্রহণের জন্য নির্দেশ দেন।
এমএইচডি/আরএফ/এনএফ
