জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন মাদারীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
সোমবার (২৯ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি এ মামলার অগ্রগতি তুলে ধরে তদন্তের জন্য আরও দুই মাস সময় চান। শুনানি শেষে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
এদিন সকালে কারাগার থেকে গোলাপকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তাকে গ্রেপ্তার দেখান ট্রাইব্যুনাল-২।
২০২৪ সালের ২৫ আগস্ট রাজধানীর নাখালপাড়ার একটি বাসা থেকে মাদারীপুর-৩ আসনের সাবেক এই সাংসদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি।
এমআরআর/এমএসএ
