বিজ্ঞাপন

ক্রসফায়ারে ছাত্রদল নেতা জনিকে হত্যা: প্রতিবেদন দাখিলে ফের বাড়ল সময়

ক্রসফায়ারে ছাত্রদল নেতা জনিকে হত্যা: প্রতিবেদন দাখিলে ফের বাড়ল সময়

বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকসহ দুজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় দেওয়া হয়েছে। আগামী ৩০ আগস্ট এ প্রতিবেদন জমার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

সোমবার (২৯ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার অপর আসামি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। 

প্রসিকিউশনের পক্ষে আজ শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি এ মামলার অগ্রগতি তুলে ধরে শহীদুল ও আসাদুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময়ের আবেদন করেন। শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করে আগামী ৩০ আগস্ট দিন ধার্য করা হয়।
 
এদিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে শহীদুল ও আসাদুজ্জামানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একাধিক মামলা নিয়ে দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন তারা।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, রাজধানীর খিলগাঁও থানা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন জনি। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। তার সঙ্গে ছাত্রদল নেতা মহিউদ্দিনও ছিলেন। এরপর ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে জনিকে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করে পুলিশ। এ ঘটনায় ডিএমপির তৎকালীন কমিশনার আসাদুজ্জামান মিয়া ও তৎকালীন আইজিপি শহীদুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়। যা তদন্তাধীন রয়েছে। 

এমআরআর/এমএসএ