বিজ্ঞাপন

মাদক মামলায় ভাগ্নের সাজার রায় শুনে মামার মৃত্যু

মাদক মামলায় ভাগ্নের সাজার রায় শুনে মামার মৃত্যু

মাদক মামলায় ভাগ্নের সাজার রায় শুনে অসুস্থ হয়ে মারা গেছেন আইয়ুব নামে এক ব্যক্তি। 

আজ (মঙ্গলবার) ঢাকার ১০ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আসামি মো. মিঠুনসহ ৯ আসামিকে পাঁচ বছরের সাজা দেন। এ রায় শুনে আদালতে উপস্থিত থাকা মিঠুনের মামা আইয়ুব অসুস্থ হয়ে পড়েন। পরে পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফারুকুল ইসলাম দেওয়ান জানান, এই মামলার ৯ আসামির মধ্যে শুধু মিঠুন আদালতে উপস্থিত ছিলেন। তাদের পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এ সময় আদালতে উপস্থিত মিঠুনের মামা অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

সাজাপ্রাপ্ত অন্য আট আসামি হলেন— মো. মুরাদ, ছাবির, মো. রাজা, মো. মাসুম হোসেন, মো. মিঠুন, মো. বিল্লাল, রাজা, মো. ওয়াহিদুল সনু ও মো. জুম্মন মিয়া। তারা সবাই পলাতক থাকায় সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

পাঁচ বছরের সাজা পাশাপাশি আসামিদের ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত এক মাসের সাজা দেওয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৮ সালের ২৬ মে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে মাদক ক্রয়-বিক্রি হচ্ছে এমন সংবাদে অভিযান চালায় র‍্যাব-২। এ সময় এক হাজার ৯৫০ পিস ইয়াবাসহ নয়জনকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনার দিন পুলিশ পরিদর্শক ইকরামুল হক চৌধুরী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২২ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক সাজেদুল হক। এতে আসামি মিঠুনসহ নয়জনকে অভিযুক্ত করা হয়। পরে ২০১৯ সালের ২৭ মে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে চারজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

এনআর/এসএএস/এনএফ

বিজ্ঞাপন