বিয়ের কথা বলে বিশ্বাসভঙ্গ, অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে করা মামলায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এএসপি) মো. সোহেল উদ্দিন প্রিন্সকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ইভা অভিযুক্ত সোহেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
এর আগে গত ৯ জুন একই আদালত সোহেলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দণ্ডবিধির পৃথক ধারায় অভিযোগ গঠন করেন।
এদিন মামলার বাদী সহকারি কর কমিশনার তানজিনা সাথী সোহেলের জামিন বাতিলের আবেদন করেন। আবেদনে বলা হয় সোহেল ২০২৪ সালের ১৯ আগস্ট তার সাথে আপোষ করার শর্তে জামিন নেন কিন্তু এখন পর্যন্ত মামলার বিষয়বস্তু সংশ্লিষ্ট কোন আপোষ মীমাংসা করেন নাই। তাই তার জামিন বাতিল করা হোক।
আসামিপক্ষে অ্যাডভোকেট আবুল কালাম খান আদালতে বলেন অভিযুক্ত সোহেল বাদীর কোন অর্থ আত্মসাৎ করেন নাই। তিনি মিথ্যা অভিযোগে তাকে হয়রানি করছেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০২২ সালের ২৩ নভেম্বর সোহেলউদ্দিন প্রিন্সের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন সহকারী কর কমিশনার মোসাঃ তানজিনা সাথী।
মামলায় বলা হয়, ২০১৭ সালে বাদী ও সোহেলউদ্দিন প্রিন্স ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। সোহেলউদ্দিন বাদীকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। বাদী ও তার পরিবারের সাথে সুসম্পর্কের সুবাদে সোহেলউদ্দিন বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে ২কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা নেন। পরে বাদীকে অভিযুক্ত সোহেলউদ্দিন আর বিয়ে করেননি। আর টাকাও ফেরত দেননি।
এনআর/এমএসএ
