বিজ্ঞাপন

প্রক্সিকাণ্ডে সুপ্রিম কোর্টের অফিস সহকারী বরখাস্ত

প্রক্সিকাণ্ডে সুপ্রিম কোর্টের অফিস সহকারী বরখাস্ত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত অফিস সহকারী মো. আলমগীর হোসেনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

বুধবার (১ জুলাই) সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টে কম্পিউটার অপারেটর-কাম-কম্পিউটার নিয়োগ পরীক্ষায় প্রতারণার আশ্রয় নিয়ে অন্য এক পরীক্ষার্থীর পক্ষে ব্যবহারিক (প্র্যাক্টিক্যাল) পরীক্ষায় অংশ নেন আলমগীর হোসেন। পরীক্ষা চলাকালীন উপস্থিত বোর্ড সদস্যদের সন্দেহ হলে তার প্রবেশপত্র যাচাই করা হয়। এতে দেখা যায়, প্রবেশপত্রটি তার নয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় পরীক্ষা বোর্ডের প্রতিনিধিরা নিশ্চিত হন যে, তিনি সরকারি চাকরিতে নিয়োগের উদ্দেশ্যে অসদুপায় অবলম্বন করেছেন। এছাড়া আটক করার পর তিনি কর্মকর্তাদের সঙ্গে অশালীন, অসংযত ও উচ্ছৃঙ্খল আচরণ করেন। 

এ ঘটনায় গত ৫ মে শাহবাগ থানায় তার বিরুদ্ধে একটি মামলা (প্রসিকিউশন নং-৩০৯) দায়ের করা হয়। পরবর্তীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতের (সি.আর মামলা নং-১৩৪০/২০২৬) গত ৫ জুনের রায় ও আদেশে তাকে ডিএমপি অধ্যাদেশ ১৯৭৬-এর ৭৫ ধারা এবং দণ্ডবিধি ১৮৬০-এর ৪১৭ ধারা অনুযায়ী ৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মো. আলমগীর হোসেনের এই কর্মকাণ্ড দাপ্তরিক শৃঙ্খলা পরিপন্থি, অসদাচরণের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এমএইচডি/এমএসএ  

বিজ্ঞাপন