বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থানে দমন-পীড়ন

এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট

এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে দায়ের হওয়া বিভিন্ন ফৌজদারি মামলায় এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রচলিত আইন ও সংশ্লিষ্ট সার্ভিস রুলস অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকুর আলী জুনু রিটটি দায়ের করেছেন। শুক্রবার তিনি রিট দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাবের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালককে রিটে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় বিভিন্ন ফৌজদারি মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এসব মামলার তদন্ত চলমান থাকা অবস্থায় সংশ্লিষ্ট সদস্যদের দায়িত্বে বহাল রাখা হলে তদন্তের নিরপেক্ষতা, জনআস্থা এবং আইনের শাসনের প্রশ্নে উদ্বেগ সৃষ্টি হতে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, কারও অপরাধ প্রমাণিত হয়েছে—এমন ঘোষণা চাওয়া হয়নি; বরং তদন্ত চলাকালে প্রচলিত আইন ও সংশ্লিষ্ট সার্ভিস রুলস অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ যেন সাময়িক প্রশাসনিক ব্যবস্থা, প্রয়োজন হলে সাময়িক বরখাস্ত বা দায়িত্ব সীমিতকরণের বিষয়টি আইন অনুযায়ী বিবেচনা করে—এই নির্দেশনা প্রার্থনা করা হয়েছে।

রিটে বিবাদীদের বিরুদ্ধে রুল জারি করে এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিষয়ে প্রচলিত আইন ও সার্ভিস রুলস অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা বিবেচনা না করার বৈধতা ব্যাখ্যা করতে নির্দেশ প্রদান করতে বলা হয়েছে। রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তাধীন কর্মকর্তাদের ক্ষেত্রে আইন ও সার্ভিস রুলস অনুযায়ী সাময়িক বরখাস্ত বা অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।

এমএইচডি/এমএন