বার কাউন্সিলে আইনজীবী সনদ পেতে লিখিত পরীক্ষা সংক্রান্ত গত বছরের ১৮ নভেম্বর প্রকাশিত প্রথম রিভিউ ফল বাতিল করে আবেদনকারীদের এনরোলমেন্ট প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ, আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে রিটকারীদের মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে বলা হয়েছে। এনরোলমেন্ট কমিটিকে সুবিধাজনক সময় অনুযায়ী যুক্তিসঙ্গত সময়ের মধ্যে ভাইভা পরীক্ষার তারিখ নির্ধারণ করতে হবে।
একইসঙ্গে প্রথম রিভিউ ফলের মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও যারা এই রিট করেননি, তাদেরকেও রিট আবেদনকারীদের মতো ভাইভা পরীক্ষা নিতে বলা হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেছেন।
গত ১০ জুন বার কাউন্সিলে আইনজীবী সনদ পেতে লিখিত পরীক্ষা সংক্রান্ত গত বছরের ১৮ নভেম্বর প্রকাশিত প্রথম রিভিউ ফলাফল বাতিল করে আবেদনকারীদের এনরোলমেন্ট প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ, আইনগত কর্তৃত্ববিহীন বলে রায় দেন হাইকোর্ট।
বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আদালত এ রায় ঘোষণা করেন।
আদালতে পরীক্ষার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।
এর আগে বার কাউন্সিলে আইনজীবী সনদ পেতে লিখিত পরীক্ষাসংক্রান্ত গত বছরের ১৮ নভেম্বর প্রকাশিত রিভিউ ফলাফল বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন ৬৩২ পরীক্ষার্থী।
গত বছরের ২৪ নভেম্বর বার কাউন্সিলে আইনজীবী সনদ পেতে লিখিত পরীক্ষা সংক্রান্ত ১৮ নভেম্বর প্রকাশিত রিভিউ ফলাফল বাতিল করে রিভিউ আবেদনকারী প্রতিটি প্রার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দ্বিতীয় রিভিউয়ের ফল ঘোষণা করা হয়। দ্বিতীয় রিভিউ পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা পরীক্ষা নেওয়া হয়।
এমএইচডি/জেডএস
