আওয়ামী লীগ সরকারের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচালিত তথাকথিত ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’, ‘এনকাউন্টার’ বা অন্যান্য অভিযানে নিহত ব্যক্তিদের সম্পর্কিত সরকারি তথ্য প্রকাশের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, আইজিপি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক ও ডিএমপি কমিশনারকে এ নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।
নোটিশ পাওয়ার ১৪ দিনের মধ্যে–
১. আওয়ামী লীগ সরকারের শাসনামলে তথাকথিত ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’, ‘এনকাউন্টার’ বা অনুরূপ অভিযানে সরকারি রেকর্ড অনুযায়ী মোট কতজন ব্যক্তি নিহত হয়েছেন তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। নিহত প্রত্যেক ব্যক্তির নাম, পিতা/মাতার নাম, ঠিকানা এবং পরিচয় । প্রত্যেক ঘটনার তারিখ, সময় এবং সুনির্দিষ্ট স্থান চাওয়া হয়েছে।
২. কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে প্রত্যেক ব্যক্তি নিহত হয়েছেন তার বিবরণ।
৩. সংশ্লিষ্ট অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা এবং আইনগতভাবে প্রকাশযোগ্য সরকারি রেকর্ড অনুযায়ী অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের নাম, পদবি ও কর্মস্থল।
৪. প্রত্যেক ঘটনার এফআইআর, সাধারণ ডায়েরি (জিডি), সুরতহাল প্রতিবেদন, ময়নাতদন্ত প্রতিবেদন, ম্যাজিস্ট্রেট তদন্ত প্রতিবেদন, বিভাগীয় তদন্ত প্রতিবেদন এবং অন্যান্য সরকারি তদন্তের বর্তমান অবস্থা ও ফলাফল (যেখানে আইন অনুযায়ী প্রকাশযোগ্য)।
৫. সরকারি তদন্ত, বিচারিক অনুসন্ধান বা অন্য কোনো আইনসম্মত প্রক্রিয়ায় কোনো ঘটনাকে বেআইনি বা বিচারবহির্ভূত হত্যা হিসেবে চিহ্নিত করা হয়ে থাকলে, সে সম্পর্কিত তথ্য ও সিদ্ধান্তের বিবরণ।
৬. কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বিরুদ্ধে বিভাগীয়, প্রশাসনিক বা ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকলে সংশ্লিষ্ট সদস্যদের নাম, পদবি, গৃহীত ব্যবস্থা, বর্তমান অবস্থা এবং চূড়ান্ত ফলাফল।
৭. নিহত ব্যক্তিদের পরিবারকে কোনো ক্ষতিপূরণ, পুনর্বাসন বা অন্যান্য সহায়তা প্রদান করা হয়ে থাকলে তার বিবরণ।
৮. ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত নীতিমালা, নির্দেশনা বা সংস্কারমূলক পদক্ষেপের বিবরণ চাওয়া হয়েছে।
উপরোক্ত তথ্যগুলো ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে সরবরাহ না করা হলে অথবা আইনানুগ ও সন্তোষজনক জবাব প্রদান না করা হলে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এমএইচডি/বিআরইউ
