বিজ্ঞাপন

নতুন জুয়া আইনের মামলায় গ্রেপ্তার দুই আসামি রিমান্ডে

নতুন জুয়া আইনের মামলায় গ্রেপ্তার দুই আসামি রিমান্ডে

অনলাইন জুয়ার পেমেন্ট গেটওয়ে পরিচালনার অভিযোগে সম্প্রতি প্রণীত জুয়া প্রতিরোধ আইনে গ্রেপ্তার দুই আসামি আমিনুর ইসলাম ও সাকিব হোসেনের পৃথক মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (১৩ জুলাই) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ওইদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সাইবার এবং স্পেশাল ক্রাইমের উপ-পরিদর্শক জাকির হোসেন আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামি আমিনুর ইসলামের তিন দিন ও সাকিব হোসেনকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, জুয়া প্রতিরোধ আইনে রমনা থানায় গত ১২ জুলাই মামলাটি দায়ের করেন ডিবির সাইবার এবং স্পেশাল ক্রাইমের উপ-পরিদর্শক আমির হামজা। এই মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আমিনুর ইসলাম (৩৭) ও মো. সাকিব হোসেন (২৮)। 

পুলিশ জানায়, আমিনুর মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান (এমএফএস) নগদ  কোম্পানির থানা পর্যায়ের ডিস্ট্রিবিউট ম্যানেজার। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ জানায়, গত ১১ জুলাই রাজধানীর ধোলাইপাড় এলাকা থেকে আমিনুরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গুলশান এলাকা থেকে সাকিবকে গ্রেপ্তার করা হয়।

এজাহারে বলা হয়, আমিনুর তার দায়িত্বের অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নামে বেনামে বিপুলসংখ্যক এমএফএস সিম সক্রিয় করে সহযোগীদের কাছে সরবরাহ করতেন। এসব সিম ব্যবহার করে অনলাইন জুয়ার বিভিন্ন সাইটের পেমেন্ট গেটওয়ে পরিচালনা করা হতো।

চক্রটি বিশেষ ধরনের একটি অ্যাপ ব্যবহার করে এমএফএস হিসাবসংক্রান্ত তথ্য ও ওটিপি সংগ্রহ করত। পরে ওই হিসাবগুলো ব্যবহার করে প্রতিদিন প্রায় দুই থেকে তিন লাখ টাকার অবৈধ লেনদেন করা হতো।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং ৫৯টি সক্রিয় এমএফএস সিম জব্দ করা হয়েছে।

এনআর/এসএম

বিজ্ঞাপন