সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রায় ঘোষণার জন্য আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) ধার্য করেছেন আদালত।
বুধবার (১৫ জুলাই) রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ তারিখ নির্ধারণ করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী দেওয়ান আশিক এ তথ্য জানান।
দুদকের প্রসিকিউটর শামসুদ্দিন মো. আবুল কালাম আজাদ বলেন, মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আসামির বিরুদ্ধে সব তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। আইনে এ অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। আমরা সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি।
মামলার সূত্রে জানা গেছে, আসামি এসকে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে তার নিজের ও তার উপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য সম্পদ বিবরণী জারি করা হয়। তিনি ২০২৪ সালের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি।
এজন্য ওই বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ২৫ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। পরে ৬ নভেম্বর তার বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে সাতজন সাক্ষীর মধ্যে সাতজনেরই সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি দুদকের একটি দল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এ ডেপুটি গভর্নরকে গ্রেপ্তার করে দুদক। ওইদিন তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
এনআর/জেডএস
