বিজ্ঞাপন

চট্টগ্রামে ফেন্সিডিল পাচারের দায়ে দুই কারবারির যাবজ্জীবন

চট্টগ্রামে ফেন্সিডিল পাচারের দায়ে দুই কারবারির যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় এক হাজার বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার লাকসাম উপজেলার মো. হারুন এবং নাঙ্গলকোট উপজেলার মো. নাসির উদ্দিন।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, ফেন্সিডিল বিক্রির অভিযোগ রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ১৩ আগস্ট ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল আকবরশাহ থানার সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাহারা হোটেলের সামনে অভিযান চালায়।

অভিযানকালে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে চালকের আসনের পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৫টি প্লাস্টিকের বস্তা থেকে এক হাজার বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ এবং হারুন ও নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় আকবরশাহ থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে ২৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

আরএমএন/বিআরইউ