বিজ্ঞাপন

বিচারকের সই-সিল জাল : আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

বিচারকের সই-সিল জাল : আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এক বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে বিয়ের হলফনামা (কোর্ট ম্যারেজ) তৈরির অভিযোগে তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হলেন- মো. নয়ন, মোসা. রিমা ও আইনজীবী মো. তরিকুল ইসলাম (তরু) ফরাজী।

রোববার (১৯ জুলাই) সিএমএম আদালতের নেজারত বিভাগের অফিস সহকারী মো. খালিদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই সিএমএম আদালতের ১১ নম্বর আদালতের ম্যাজিস্ট্রেট মো. নয়ন ও ফাহিমা ইসলাম রিয়া নামক দুই ব্যক্তির একটি বিয়ের হলফনামা যাচাই করার নির্দেশ দেন। হলফনামাটি যাচাই করতে গিয়ে দেখা যায়, এতে যে স্মারক নম্বর ব্যবহার করা হয়েছে, তা রেজিস্টার খাতায় অন্য এক ব্যক্তির নামে সংরক্ষিত। তদন্তে বেরিয়ে আসে, চক্রটি ১১ নম্বর আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের স্বাক্ষর ও সিল জাল করে প্রতারণামূলকভাবে এই বিয়ের হলফনামা তৈরি করেছে। পরবর্তীতে এই জাল হলফনামা ব্যবহার করে বরগুনার আমলী আদালতে একটি মামলা দায়েরের চেষ্টাও করা হয়। তবে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসাইন জালিয়াতির বিষয়টি বুঝতে পেরে মামলাটি খারিজ করে দেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আইন অনুযায়ী মুসলিম বিবাহ নিবন্ধনের জন্য কাজীর মাধ্যমে নিবন্ধন বাধ্যতামূলক। কোর্ট ম্যারেজ বা হলফনামার মাধ্যমে বিয়ে আইনত কার্যকর নয় এবং এ বিষয়ে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞাও রয়েছে। তা সত্ত্বেও আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে আদালত ও বিচারকের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। 

এনআর/এমএন

বিজ্ঞাপন