বিজ্ঞাপন

গৃহকর্মীর মৃত্যু

স্ত্রীসহ সাংবাদিক আশফাকের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

স্ত্রীসহ সাংবাদিক আশফাকের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

গৃহকর্মীর ‘অবহেলাজনিত মৃত্যু’র মামলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ২ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

বুধবার (২২ জুলাই) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেনের আদালত আসামিপক্ষের আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে এ দিন নির্ধারণ করেন। 

এদিন মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল। আসামিপক্ষের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার অভিযোগ গঠন বিষয়ে শুনানি পেছাতে আবেদন করেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী এ এস এম শাহাদাৎ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় আসামিপক্ষ সময় আবেদন করে।

জানা যায়, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে প্রীতি ওড়ান নামে এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়। প্রীতি ওড়ান নামের ১৫ বছর বয়সী ওই কিশোরী ওই ভবনের বাসিন্দা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করতেন। তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামে।

এ ঘটনায় মৃত গৃহকর্মী প্রীতির বাবা লুকেশ ওড়ান সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় অবহেলা জনিত মৃত্যুর অভিযোগে দণ্ডবিধির ৩০৪ (ক) ধরায় অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত শেষে গত ৩১ মার্চ ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের উপ-পরিদর্শক এস এম মাহমুদ রেজা দুই জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় গত ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। এদিকে আশফাকুল হক ও তানিয়া খন্দকার চার মাস কারাভোগ করে উচ্চ আদালত থেকে জামিন পান।

এনআর/এমএসএ

বিজ্ঞাপন