গোপালগঞ্জে আদালতের এজলাসে বিচারক মো. সুজন মিয়ার ছোড়া কাচের পেপারওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ নারী আইনজীবীর আহত হওয়ার ঘটনায় মানবন্ধন করেছে সুপ্রিম কোর্টের একদল আইনজীবী।
মানববন্ধনে আইনজীবীরা বিচারক মো. সুজন মিয়ার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট বারের সহ সভাপতিসিনিয়র আইনজীবী মাগফুর শেখ।
বক্তব্য রাখেন অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস, ব্যারিস্টার আশরাফ, সাবেক কার্যকরী কমিটির সদস্য এ বি এম ইব্রাহিম খলিলসহ অনেকে।
এর আগে গতকাল গোপালগঞ্জে আদালতের এজলাসে কাচের পেপারওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহত হন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এ ঘটনা ঘটে। আইনজীবীদের অভিযোগ, আদালতের বিচারক মো. সুজন মিয়া ওই পেপারওয়েট ছুড়ে মেরেছেন।
আহত সাবিহা সুলতানাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার পর জেলা আইনজীবী সমিতির নেতারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে মৌখিক অভিযোগ করেন।
পরে বিচারক সুজন মিয়ার আমলি ক্ষমতা (কগনিজেন্স পাওয়ার) প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে প্রজ্ঞাপন হয়েছে।
এমএইচডি/বিআরইউ
