বিজ্ঞাপন

উচ্চ আদালতের জামিন আদেশ দ্রুততম সময়ে পাঠাতে নীতিমালা তৈরির নির্দেশ

উচ্চ আদালতের জামিন আদেশ দ্রুততম সময়ে পাঠাতে নীতিমালা তৈরির নির্দেশ

উচ্চ আদালতের (হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ) জামিন আদেশ দ্রুততম সময়ে পাঠানোর জন্য নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৭ দিনের মধ্যে  এ সংক্রান্ত কমিটি গঠন করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে দ্রুততম সময়ে পাঠানোর নীতিমালা নির্ধারণের জন্য কমিটি গঠন করতে নির্দেশনা দিয়েছেন আদালত 

সোমবার (২৭ জুলাই) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি সাইয়েদ মোহাম্মদ তাজরুল হোসাইনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট যায়েদ বিন আমজাদ।

এর আগে সুপ্রিম কোর্টের ৫ জন এবং নিম্ন আদালতের ২ জন আইনজীবী বাদী হয়ে রিট আবেদনটি দায়ের করেন। তারা হলেন- অ্যাডভোকেট মো. মিজানুল হক, অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল ওয়াদুদ, অ্যাডভোকেট আবদুল্লাহ সাদিক, অ্যাডভোকেট যায়েদ বিন আমজাদ, অ্যাডভোকেট সাব্বির আহমেদ, অ্যাডভোকেট মাহমুদুল হাসান।

শুনানিতে ভারতীয় সুপ্রিম কোর্টের কয়েকটি নজির উপস্থাপন করে বলা হয়, ভার‍তে উচ্চ আদালতের জামিন আদেশের পর তা দ্রুততম সময়ে অনলাইনে পাঠানোর একটি পদ্ধতি প্রচলন করা হয়েছে। 

আদালত শুনানি শেষে রুল জারি করেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে আগামী ৭ দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশনা দেন। এই কমিটিকে ২০ আগস্ট নীতিমালা নির্ধারণে করণীয় সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্ট বিভাগে দাখিল করতে বলা হয়েছে।

এমএইচডি/জেডএস

বিজ্ঞাপন