বিজ্ঞাপন

হত্যা মামলায় সাবেক এমপি নজরুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

হত্যা মামলায় সাবেক এমপি নজরুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার তেজগাঁও থানায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপকে হত্যার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. নজরুল ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এই আদেশ দেন।

গত ২৭ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ২৮ জুলাই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম। ওই দিন আসামিকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য আজ বুধবার দিন নির্ধারণ করা হয়। 

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মামলার এজাহারের তথ্যাদি ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। আসামির বাড়ি ভিন্ন জেলায় হওয়ায় নাম-ঠিকানা যাচাই-বাছাই করা হয়নি। আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদ্ঘাটনের জন্য ঘটনায় জড়িত এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিসহ অন্যান্য পলাতক ও সহযোগী হুকুমদাতার নাম-ঠিকানা সংগ্রহ ও অবস্থান নির্ণয় এবং অন্যান্য দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন।
 
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। শুনানিকালে আসামিকে আদালতে হাজির করা হয়। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আরিফ রেজা এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপ (২১) বন্ধুদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন। ওই দিন কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের কাছে আসামিদের ছোড়া গুলি রূপের ডান চোখে লাগে। তাকে মৃত ভেবে আসামিরা রক্তাক্ত অবস্থায় সড়কে ফেলে রেখে চলে যায়। পরে তার বন্ধুরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাকে দ্রুত চিকিৎসার জন্য কাঁঠালবাগানের পদ্মা হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বাবা এ কে এম রকিবুল আহম্মেদ বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করা হয়েছে।

এনআর/এমএসএ