বিজ্ঞাপন

১ কোটি টাকা যৌতুক দাবি

স্ত্রী মোহনাকে মারধরের মামলায় জামিন মেলেনি প্রিন্স মামুনের

স্ত্রী মোহনাকে মারধরের মামলায় জামিন মেলেনি প্রিন্স মামুনের

এক কোটি টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে মারধরের মামলায় কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন প্রিন্স মামুনের পক্ষে আইনজীবী পলাশ চন্দ্র রায় ও আবদুল্লাহ আল মামুন জামিন আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী সরকার সাব্বির হোসাইন (ফয়সাল) জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন তার আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ২৪ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে মামুনের স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা বাদী হয়ে ভাটারা থানায় মামলা করেন। মামলার পর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।পরে তাকে কারাগারে পাঠানো হয়। 

মামলার বিবরণে বলা হয়েছে, বাদী মোহনা একজন ফ্যাশন মডেল। ৫ মাস আগে আসামি মামুনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়ে আসতেছিল। মামুন বিভিন্ন বয়স্ক মহিলাদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত এবং নেশায় আসক্ত। মোহনা তাকে কিছু জিজ্ঞাসা করলেই মারধর করে। বিয়ের পর থেকেই তিনি দোকান দেওয়ার জন্য তার কাছে এক কোটি টাকা যৌতুক দাবি করেন। তবে টাকা দিতে অস্বীকার করলে মোহনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভাটারা এলাকার মোহনার বাসায় মামুন নেশাগ্রস্ত অবস্থায় এসে এক কোটি টাকা যৌতুক হিসেবে দাবি করেন। মোহনাকে তার বাবা-মার বাড়ি থেকে এই টাকা এনে দিতে বলেন। তবে মোহনা অস্বীকৃতি জানালে, তার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মামুন উত্তেজিত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করাসহ এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মারতে থাকেন। মারধরের সময় তার গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এতে তার বাম চোখের নিচে রক্তাক্ত জখম হয় এবং ডান কানে জখমসহ শরীরের বিভিন্ন স্থানে মারধোর করে আহত করা হয়।

এনআর/বিআরইউ

বিজ্ঞাপন