বিজ্ঞাপন

মেজর জাহিদ হত্যা

সাবেক আইজিপি শহীদুলকে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের

সাবেক আইজিপি শহীদুলকে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের

অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলাম হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হককে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ অনুমতি দেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। তিনি এ মামলায় শহীদুল হককে একদিনের জন্য তদন্ত সংস্থার সেফহোমে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত। 

এ সময় প্রসিকিউটর ফারুক আহাম্মদ, প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদার, তারেক আবদুল্লাহসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। 

এছাড়া ট্রাইব্যুনালের হাজতখানায় শহীদুল হকের সঙ্গে কথা বলতে অনুমতি চান আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ শুভ। পরে তাদের আবেদনটিও মঞ্জুর করা হয়। 

গতকাল (বুধবার) এ মামলায় সাবেক এই আইজিপির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করে প্রসিকিউশন। এর পরিপ্রেক্ষিতে তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের রূপনগরে পুলিশের কথিত 'জঙ্গিবিরোধী' অভিযানে নিহত হন জাহিদুল ইসলাম। তবে পিলখানা হত্যাকাণ্ডের গোপন তথ্য জানার কারণে তাকে পরিকল্পিতভাবে তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

এমআরআর/বিআরইউ