বিজ্ঞাপন

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে নিয়োগ বঞ্চিত আইনজীবীদের বিক্ষোভ

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে নিয়োগ বঞ্চিত আইনজীবীদের বিক্ষোভ

দুর্নীতির মাধ্যমে অ্যাটর্নি জেনারেল অফিসে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থি আইনজীবীদের একাংশ।

নতুন করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ এনে রোববার (২ আগস্ট) অ্যাটর্নি জেনারেল অফিসের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এমন অভিযোগ করেন তারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এই সমাবেশ করা হয়।

বিক্ষোভকারী আইনজীবীরা বলেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং বিগত সময়ে জেল-জুলুমের শিকার অনেক যোগ্য আইনজীবীকে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে অর্থের বিনিময়ে এবং ‘গুপ্ত-সুপ্ত’ সুবিধাভোগী ব্যক্তিদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।

এ সময় বিক্ষোভকারীরা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান। তাদের ভাষ্য, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, ত্যাগ ও পেশাগত দক্ষতাকে প্রাধান্য দেওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে তা অনুসরণ করা হয়নি বলে তারা অভিযোগ করেন।

বিক্ষোভ চলাকালে আইনজীবীরা বিভিন্ন স্লোগান দেন এবং বিতর্কিত নিয়োগ বাতিল করে যোগ্য ও আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত আইনজীবীদের নিয়োগ দেওয়ার দাবি জানান। 

সমাবেশে বক্তব্য রাখেন– আইনজীবী আকতার হোসেন, শরীফ ইউ আহমেদ, আইয়ূব আলী আশরাফী, মাসুদ রানা, আশিক নজরুল, মো. ইসা, এবিএম ইব্রাহীম খলিল, আনিসুর রহমান খান, জহিরুল ইসলাম সুমন, আনোয়ারা শিখাসহ অনেকেই।

গত ৩০ জুলাই আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্ববর্তী সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়।

এমএইচডি/বিআরইউ