চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ১৭ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় দেওয়া হয়েছে। আগামী ৪ অক্টোবর এ প্রতিবেদন জমার জন্য নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার (৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি এ মামলার অগ্রগতি তুলে ধরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময়ের আবেদন করেন। পরে তার আবেদনটি মঞ্জুর করে আগামী ৪ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন আদালত।
এদিন সকালে সাবেক এমপি মনুসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্য আসামিরা হলেন— যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না।
প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৯ ও ২০ জুলাই যাত্রাবাড়ীতে ১৭ জনকে হত্যা করা হয়। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত চলছে। গত ২২ জুলাই এই চারজনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন ট্রাইব্যুনাল-২। এরই ধারাবাহিকতায় তাদের আজ এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এমআরআর/এসএএস
