বিজ্ঞাপন

মাদরাসার বাথরুমে ছাত্রের লাশ : গ্রেপ্তার ২ শিক্ষক কারাগারে

মাদরাসার বাথরুমে ছাত্রের লাশ : গ্রেপ্তার ২ শিক্ষক কারাগারে

রাজধানীর রায়েরবাগের জোড়াখাম্বা এলাকার একটি মাদরাসা থেকে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই শিক্ষককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে যাওয়া ‍আসামিরা হলেন— রওয়াজাতুল উলূম হাফিজিয়া নুরানি মাদরাসার শিক্ষক মো. জাকারিয়া (৩৫) ও মো. জোবায়ের আহম্মেদ (২০)।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

সোমবার (৩ আগস্ট) দুপুরে রওয়াজাতুল উলূম হাফিজিয়া নুরানি মাদরাসার তৃতীয় তলার বাথরুম থেকে মো. নাঈম শেখ নামে ১৩ বছরের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশুটির মা নাজমা বেগম শিক্ষক জাকারিয়া ও জোবায়েরকে আসামি করে মামলা করেন। এরপর রাত ১০টার দিকে সেই মাদরাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, দুই শিক্ষক বিভিন্ন কারণে নাঈমকে নির্যাতন করতেন। নাঈম বিষয়টি তার মাকে বলেছিল। পরে ছেলেকে মাদরাসা থেকে নিয়ে আসতে চেয়েছিলেন নাজমা বেগম। কিন্তু আসামিরা মাদরাসা থেকে ছাড়পত্র দেননি। নাঈম ওই মাদরাসায় পড়তে না চাওয়ায় আসামিরা তার ওপর নির্যাতন চালিয়ে যান। সোমবার দুপুরে নাঈম মাদরাসায় পড়বে না বলে শিক্ষকদের জানায়। তখন তাকে মারধর করা হয়। পরে তাকে আসামিরা ‘শ্বাসরোধে হত্যা করে’। 

এনআর/এসএএস