সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের ফেসবুক-মেসেঞ্জারের তথ্য চেয়ে মেটার কাছে চিঠি পাঠিয়েছে প্রসিকিউশন।
বুধবার (৫ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।
তিনি বলেন, তদন্তে আমরা সাবেক সেনা কর্মকর্তাসহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও শীর্ষ নেতাদের নামে ছবি বা সংবলিত বেশ কিছু অ্যাকাউন্ট পেয়েছি। আওয়ামী লীগের মূল পেজের সঙ্গে এসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা এডিটর ও এডমিন হিসেবে রয়েছেন। মোজাফফরের সঙ্গেও যোগাযোগ রয়েছে তাদের। এজন্য মেটার কাছে তথ্য চাওয়া হয়েছে। তথ্য পেলে আমরা এসব অ্যাকাউন্টধারীর পেছনের সব কিছু উদঘাটন করতে পারবো।
প্রসিকিউটর জোহা বলেন, মোজাফফর হোসেনের একটি ইমেইলের সঙ্গে আমরা চারটি গুরুত্বপূর্ণ ডিভাইসের লগইনের তথ্য জানতে পেরেছি। এর মাধ্যমে তার সঙ্গে কাদের সম্পর্ক ছিল, কবে দেশে এসেছেন এবং কি কি ভুয়া ইলেকট্রনিক আইডি অথবা ফিজিক্যাল আইডি ব্যবহার করেছেন সব বিষয় সামনে আসবে।
এর আগে, ২৩ জুলাই চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখান ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে দুদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।
প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এমআরআর/বিআরইউ
