বিজ্ঞাপন

আদালতকে অবহিত করেও আসেননি পরীমনি, পেছাল জেরার দিন

আদালতকে অবহিত করেও আসেননি পরীমনি, পেছাল জেরার দিন

শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার বাদী চিত্রনায়িকা পরীমনিকে জেরার জন্য আগামী ৩০ নভেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রোববার (৯ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহাদাৎ হোসেন হোসেন ভূঁইয়ার আদালতে পরীমনিকে জেরার দিন ধার্য ছিলো। তবে তিনি আদালতে না আসায় জেরার দিন পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।

এদিন মামলার ধার্য দিনে পরীমনিকে জেরার জন্য ছিল। সকাল ১১টার দিকে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতকে অবহিত করে বলেন, পরীমনি আদালতে আসবেন। ১২টার দিকে যেন জেরার জন্য রাখা হয়।

আদালত বাদীর আবেদন মতে, দুপুর ১২টার সময় রাখেন পরীমনিকে জেরার জন্য। এরপর দুই দফা ডাকা হয় পরীমনিকে জেরার জন্য। কিন্তু সময় মতো আদালতে এসে পৌঁছাতে পারেননি পরীমনি। এদিকে অন্যান্য মামলার শুনানি শেষ হয়ে যাওয়ায় আদালত ৩০ নভেম্বর পরীমনিকে জেরার দিন রেখেছেন বলে জানিয়েছেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী)।

তিনি বলেন, আদালতের বিচারকাজ শুরু হওয়ার সময় আমরা মামলাটি ১২টার দিকে জেরার জন্য রাখার জন্য প্রার্থনা করি। আদালত দুপুর ১২টায় মামলার শুনানির জন্য রাখেন। এরপর দুই দফা ডাকা হয় মামলার শুনানির জন্য। তবে পরীমনি যানজটের কারণে তখনো আদালতে এসে পৌঁছাতে পারেননি। এদিকে সব মামলার শুনানি শেষ হয়ে যায়। আসামিরাও চলে যায়। এজন্য আজ জেরা হয়নি। আগামী ৩০ নভেম্বর জেরার পরবর্তী দিন রাখা হয়েছে।

২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমণি। তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। অপর দুই আসামি হলেন-তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। এরপর ১৩ ডিসেম্বর এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর তৎকালীন বিচারক হেমায়েত উদ্দিন।

পরবর্তীতে ২০২২ সালের ১৯ এপ্রিল নাসির ও অমির পক্ষে এ মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী। অন্যদিকে অব্যাহতির আবেদনের বিরোধিতা করেন বাদীপক্ষ। এছাড়া অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। ওই বছরের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এরপর ২০২২ সালের ২৯ নভেম্বর এ মামলায় পরীমনির সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এদিকে ২০২৪ সালের ২৪ জুলাই আদালতে জবানবন্দি দিতে ইতস্ততাবোধ করেন পরীমনি। তার আইনজীবী ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে বিচারকাজ করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরবর্তীতে ওই বছরের ২২ সেপ্টেম্বর এ মামলায় পরীমনির জবানবন্দি রেকর্ড শেষ হয়।

প্রসঙ্গত, ২০২১ সালের ৮ জুন রাতে ঢাকার অদূরের বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে যান পরিমণি। সেদিন রাতে সেখানে তাকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে অভিযোগ তোলেন পরীমণি। পরে ১৪ জুন নাসির ও অমি ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করেন তিনি।

এনআর/এমএন

বিজ্ঞাপন