বিজ্ঞাপন

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন : আনোয়ারার ছাবেরুলের ৪ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন : আনোয়ারার ছাবেরুলের ৪ বছরের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় ছাবেরুল ইসলাম (৩৯) নামে এক ব্যক্তিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অবৈধভাবে অর্জিত অর্থের সমপরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত এ রায় দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের নথি অনুযায়ী, ছাবেরুল ইসলাম আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

অনুসন্ধানে ছাবেরুল ইসলামের নামে মোট ৯০ লাখ ১১ হাজার ২৩১ টাকার সম্পদ পাওয়া যায়। একই সময়ে তার পারিবারিক ও অন্যান্য ব্যয় ধরা হয় ৭ লাখ ৩৫ হাজার টাকা। ফলে ব্যয়সহ তার মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৯৭ লাখ ৪৬ হাজার ২৩১ টাকা।

এর বিপরীতে তার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় ১৪ লাখ ৭০ হাজার টাকা। ফলে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়ায় ৮২ লাখ ৭৬ হাজার ২৩১ টাকা।

দুদকের অনুসন্ধানে আরও উঠে আসে, ছাবেরুল ইসলাম কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ২৭ লাখ ৯০ হাজার ২৩১ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়।

দুদক পিপি মোকাররম হোসাইন বলেন, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ছাবেরুল ইসলামকে চার বছরের কারাদণ্ড এবং অবৈধভাবে অর্জিত অর্থের সমপরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আরএমএন/জেডএস