দশ বছর আগে রাজধানীর সিদ্দিক বাজার এলাকায় ছিনতাইয়ের পর মুদি দোকানি আব্দুল কুদ্দুসকে হত্যার মামলায় মাসুম মিয়া ওরফে কালু নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজার পাশাপাশি মাসুমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে।
বুধবার (১২ আগস্ট) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৬ এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী এ রায় দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি ইউনুস মিয়াকে খালাস দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।
রায় ঘোষণার আগে এদিন দুই আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। পরে দণ্ডিত আসামি মাসুমকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, কামরাঙ্গীরচরের মুদি দোকানি আব্দুল কুদ্দুস ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ীর গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রিকশায় করে বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। ভোর সাড়ে ৫টার দিকে বংশাল থানার সিদ্দিক বাজার এলাকায় পৌঁছালে দুই ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। তারা কুদ্দুসকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
কুদ্দুসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কুদ্দুসের চাচাতো ভাই মো. কামাল হোসেন ওইদিনই বংশাল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করে বংশাল থানার উপ-পরিদর্শক মো. শহীদুল ইসলাম ২০১৬ সালের ১০ নভেম্বর দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। ২০১৭ সালের ৭ মার্চ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
এনআর/জেডএস
