বিজ্ঞাপন

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী আরেক মামলায় গ্রেপ্তার

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী আরেক মামলায় গ্রেপ্তার

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ মোনালিসা ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (১২ আগস্ট) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মোনালিসা ইসলামের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার গত ৭ আগস্ট মোনালিসা ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত শুনানির দিন রাখেন বুধবার। এদিন তাকে ভার্চুয়ালি গ্রেপ্তার দেখানো হয়।

অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, মেহেরপুরের ৮ মামলায় এবং ঢাকায় করা দুদকের এক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান মোনালিসা ইসলাম। তিনি যখনই কারামুক্ত হবে ঠিক তখনই মুক্তি আটকাতে তাকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আজ ভার্চুয়ালি তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যার কারণে তার মুক্তি আটকে গেল।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন।

ঘটনার পর নিহতের শ্যালক আব্দুর রব বাদী হয়ে ওই বছরের ২১ আগস্ট নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়।

এনআর/বিআরইউ