রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে, গত ৫ আগস্ট রাতে গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ৬ আগস্ট আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান। তবে ওইদিন এই মামলার মূল নথি না থাকায় আসামিকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য দিন রাখেন সোমবার। ওইদিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ঢাকার প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আরিফ রেজা এ তথ্য নিশ্চিত করেন।
আজ আখতারুজ্জামানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন ইন্সপেক্টর মাসুদুর রহমান। আক্তারুজ্জামানের পক্ষে তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিন চেয়ে আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় জামিন বিষয়ে শুনানি হয়নি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলে তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ রাষ্ট্রবিরোধী নানা কর্মকাণ্ড চালান। এ ঘটনায় পুলিশ তেজগাঁও থানায় মামলা দায়ের করে
এনআর/বিআরইউ
