বিজ্ঞাপন

দুই মামলায় টিকটকার মামুনের জামিন, কারামুক্তিতে বাধা নেই

দুই মামলায় টিকটকার মামুনের জামিন, কারামুক্তিতে বাধা নেই

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর এবং লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন।

রোববার (১৬ অগাস্ট) দুপুরে ঢাকার পৃথক দুটি আদালত থেকে শুনানি শেষে এ জামিনের আদেশ দেন। মামুনের আইনজীবী পলাশ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, মামুনের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে বাধা নেই। 

আইনজীবী সূত্রে জানা গেছে, মারধরের মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি এক হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দাখিল হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। অন্যদিকে, ফেসবুকে লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে ভাটারা থানায় করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তার জামিন আবেদন মঞ্জুর করেন। 

এর আগে, স্ত্রীর দায়ের করা কোটি টাকা যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের মামলায় গত ২৪ জুলাই প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অপরদিকে ২৩ জুলাই গভীর রাতে ভাটারা এলাকার বাসায় ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালানোর অভিযোগে ভাটারা থানায় দ্বিতীয় মামলাটি দায়ের করেন তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা। পরে ২৫ জুলাই তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান তাকে আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানালে আদালত ২৯ জুলাই আসামির উপস্থিতিতে তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। 

এনআর/জেডএস

বিজ্ঞাপন