ঢাকার কাজীপাড়া ওভার ব্রিজের নিচে ২২৫ পুড়িয়া হেরোইন উদ্ধারের মামলায় আসামি মো. রব মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার (১৭ আগস্ট) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুর রশিদ মোল্লা এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি রাজধানীর কাফরুল থানার মিরপুর ১৪ নং মোড়ে অবস্থানের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কাজীপাড়া ওভার ব্রিজের নিচে রাস্তার উপর আসামিরা মাদকদ্রব্য বিক্রির উদ্দেশে অবস্থান করছে। রাত সোয়া ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. রব মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২২৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করােহয়। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
এ ঘটনায় কাফরুল থানার এএসআই মো. আবু জাহিদ মাদক দ্রুব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন।
২০১৬ সালের ৩১ মার্চ কাফরুল থানার এসআই মো. বায়েজীদ মোস্তফা আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ৩ অগাস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। মামলাটির বিচার চলাকালে ৮ জন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
এনআর/জেডএস
