চট্টগ্রাম নগরের আকবরশাহ থানায় দায়ের হওয়া একটি সোনা চোরাচালানের মামলায় দুই আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৮-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জের মো. আরিফ এবং হাজীগঞ্জের মো. রুবেল। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৭ মার্চ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরের আকবরশাহ থানার সিডিএ ১ নম্বর রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় আরিফ ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে দুটি করে মোট চারটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি বারের ওজন ছিল ১১৬ দশমিক ৬৬ গ্রাম। চারটি বারে মোট সোনার ওজন ছিল ৪৬৬ দশমিক ৬৪ গ্রাম।
চোরাচালানের মাধ্যমে বিদেশ থেকে আনা এসব সোনার বার অবৈধভাবে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আকবরশাহ থানার তৎকালীন পুলিশ কর্মকর্তা মো. জাকের হোসেন বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২১ সালের ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৮ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত এ রায় দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন জানান, মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন।
এমআর/এসএম
