বিজ্ঞাপন

ইউপি চেয়ারম্যান গুম-হত্যা

সাবেক এমপি ফজলে করিমের তদন্ত প্রতিবেদন দাখিলে ফের ২ মাস সময়

সাবেক এমপি ফজলে করিমের তদন্ত প্রতিবেদন দাখিলে ফের ২ মাস সময়

ইউপি চেয়ারম্যানকে গুমসহ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ দুজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় দেওয়া হয়েছে। আগামী ২৫ অক্টোবর এ প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 

রোববার (২৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার অপর আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। তাদের দুজনকেই আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। সঙ্গে ছিলেন– প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, তারেক আবদুল্লাহ, সুলতান মাহমুদ, জহিরুল আমিনসহ অন্যান্য প্রসিকিউটর।

শুনানিতে এ মামলার অগ্রগতি তুলে ধরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময়ের আবেদন করেন। পরে আবেদনটি মঞ্জুর করে আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়।

এর আগে, ১৯ এপ্রিল গুমের এ মামলায় ফজলে করিম ও জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল-২।

প্রসিকিউশন জানায়, ২০১০ সালে চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে তুলে নেওয়া হয়। গুমের পর তাকে হত্যা করা হয়। এ ঘটনায় ফজলে করিম ও জিয়াউলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন। 

এমআরআর/বিআরইউ