বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর এপিএসের নামে ফেক আইডি খুলে প্রতারণা : এক আসামি রিমান্ডে

প্রধানমন্ত্রীর এপিএসের নামে ফেক আইডি খুলে প্রতারণা : এক আসামি রিমান্ডে

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) প্রকৌশলী আবদুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেইলিং ও প্রতারণার অভিযোগে করা মামলায় কাকন রানা (৩৫) নামে এক ব্যক্তির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (২৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পরিদর্শক মো. বিপুল হোসেন সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, গ্রেপ্তার কাকন রানা প্রাথমিকভাবে ভুয়া আইডি খোলার কথা স্বীকার করেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর এপিএস-২ ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী "Dr. Zubaid Rahman", প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব "Atikur Rahman Rumon" সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে তৈরি একাধিক ফেক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া গেছে। অপরাধের আসল উদ্দেশ্য উদঘাটন, সহযোগী বা অপরাধ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অন্যান্য ডিজিটাল ডিভাইস ও সিম কার্ড উদ্ধারে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, এক অজ্ঞাতনামা চক্র প্রধানমন্ত্রীর এপিএস-২ "Abdur Rahman Suny" নামে ফেক ফেসবুক প্রোফাইল তৈরি করে প্রধানমন্ত্রীর এপিএস-২ এর ব্যক্তিগত নাম ও ছবি ব্যবহার করছিল। ওই আইডিগুলো থেকে বিভিন্ন ব্যক্তির কাছে মেসেজ পাঠিয়ে নানা সহযোগিতার আশ্বাস দিয়ে সম্মানহানি, ব্লাকমেইলিং ও প্রতারণা করা হতো।

এ ঘটনায় আব্দুর রহমান সানির পক্ষে মো. মইনুল ইসলাম রনি ২৩ আগস্ট বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

এনআর/জেডএস

বিজ্ঞাপন