বিজ্ঞাপন

মানবতাবিরোধী অপরাধ

অভিযোগ আমলে নিয়ে ধনঞ্জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অভিযোগ আমলে নিয়ে ধনঞ্জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ধনঞ্জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের বাকি দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় জাহাংগীর আলম ও ধনঞ্জয় কুমারের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) জমা দেওয়া হয়েছে। এ নিয়ে ট্রাইব্যুনাল-২ এ শুনানি হয়। শুনানিতে এ মামলায় আনা অভিযোগ তুলে ধরে প্রাইমা ফেসি গ্রাউন্ড বিবেচনায় আমলে নেওয়ার আর্জি জানানো হয়। পরে তা আমলে নিয়ে ধনঞ্জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একই মামলায় জাহাংগীর আলম আদালতে উপস্থিত ছিলেন।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তৎকালীন এই দুই কর্মকতার বিরুদ্ধে সুপিরিয়র রেসপনসিবিলিটিসহ জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে হত্যাযজ্ঞে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ এনেছে প্রসিকিউশন। 

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, জহিরুল আমিন, আবদুস সোবহান তরফদার, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটর।

এমআরআর/আরএফ