বিজ্ঞাপন

চট্টগ্রামে পোশাক শ্রমিককে হত্যা : আসামির যাবজ্জীবন

চট্টগ্রামে পোশাক শ্রমিককে হত্যা : আসামির যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার পোশাক শ্রমিক জয়নব বেগম হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোছা. ফরিদা ইয়াসমিনের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মো. জলিল শরিফ ঝালকাঠি জেলার রাজাপুর থানার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার শরীফ বাড়ির মোফাজ্জল শরিফের ছেলে।

মামলার নথি অনুযায়ী, জয়নব বেগম নগরের ইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। স্বামী ও পাঁচ বছর বয়সী ছেলে আবরারকে নিয়ে তিনি ইপিজেড থানার ব্যাংক কলোনি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

২০২১ সালের ২ মার্চ সকালে ছেলেকে মাদ্রাসায় দিয়ে কর্মস্থলে যান জয়নব। বিকেলে কাজ শেষে ছেলেকে নিয়ে বাসায় ফেরেন তিনি। পরদিন সন্ধ্যায় ভবনের নিচতলার গলিতে জয়নবকে পড়ে থাকতে দেখেন ভবনের ইনচার্জ মো. ইউনুছ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

সুরতহাল প্রতিবেদনে জয়নবের কান ও নাক দিয়ে রক্ত, মুখে ফেনা এবং গলার নিচে কালচে দাগের কথা উল্লেখ করা হয়। পরে তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে জলিল শরিফের সম্পৃক্ততা পাওয়া যায়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত রোববার এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী নাছির উদ্দীন বলেন, সাক্ষ্যপ্রমাণে জয়নব বেগম হত্যা মামলায় জলিল শরিফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এমআর/এমএসএ