দুর্নীতি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগ থাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সহকারী বিপ্লব বড়ুয়া, তার স্ত্রী সোমা বড়ুয়া, ভাই বিদ্যুৎ বড়ুয়া এবং বিদ্যুৎ বড়ুয়ার স্ত্রী অগ্নি বড়ুয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক (মানিলন্ডারিং) মো. জাহাঙ্গীর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, বিপ্লব বড়ুয়া, তার স্ত্রী, ভাই ও ভাবির বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
অবৈধভাবে অর্জিত অর্থ তারা নিজেদের নামে এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবে লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করেছেন।
অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
এনআর/জেডএস
