বিজ্ঞাপন

শুনানি ৬ সেপ্টেম্বর

গুমের মামলায় ট্রাইব্যুনালে জামিন চাইলেন মামুন খালেদ

গুমের মামলায় ট্রাইব্যুনালে জামিন চাইলেন মামুন খালেদ

আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি তদন্তাধীন মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ। এ বিষয়ে শুনানির জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের একক বেঞ্চ এ দিন ধার্য করেন। 

প্রসিকিউশন জানায়, এ মামলায় আজ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ছিল। কিন্তু তদন্ত শেষ না হওয়ায় আরও সময় চাওয়া হয়। এছাড়া আসামিপক্ষ থেকে দেওয়া জামিন আবেদন নিয়েও শুনানির কথা ছিল। কিন্তু পূর্ণ বেঞ্চ না থাকায় নতুন তারিখ ধার্য করা হয়। 

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, তারেক আবদুল্লাহ, মার্জিনা রায়হানসহ অন্যান্য প্রসিকিউটর।

মামুন খালেদের আইনজীবী ওবায়দুল্লাহ ইমন ঢাকা পোস্টকে বলেন, ২৪ আগস্ট আমরা শেখ মামুন খালেদের পক্ষে একটি জামিন আবেদন করেছিলাম। শুনানির জন্য আজকের দিন ধার্য ছিল। কিন্তু একজন বিচারক থাকায় শুনানি হয়নি। এজন্য ৬ সেপ্টেম্বর দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। ওই দিন পূর্ণ বেঞ্চে শুনানি হলে জামিন পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী।

এর আগে, ১৩ এপ্রিল এ মামলায় মামুন খালেদকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি দুদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল-২। 

চলতি বছরের ২৫ মার্চ রাতে মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার হন মামুন খালেদ। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি। 

এমআরআর/বিআরইউ