বিজ্ঞাপন

গৃহকর্মীর মৃত্যু : স্ত্রীসহ সাংবাদিক আশফাকের বিচার শুরু

গৃহকর্মীর মৃত্যু : স্ত্রীসহ সাংবাদিক আশফাকের বিচার শুরু

গৃহকর্মীর ‘অবহেলাজনিত মৃত্যু’র মামলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেনের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য আগামী ৪ জানুয়ারি দিন রেখেছেন আদালত।

অভিযোগ গঠনের শুনানির সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন। তাদের পক্ষে আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার ও ওমর ফারুক আসিফ অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে বিল্লাল হোসেন অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের কাছে জানতে চান, তারা দোষী না নির্দোষ। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। পরে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।

জানা গেছে, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে প্রীতি ওড়ান নামে এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়। প্রীতি ওড়ান নামের ১৫ বছর বয়সি ওই কিশোরী ওই ভবনের বাসিন্দা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করতেন। তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামে।

এ ঘটনায় মৃত গৃহকর্মী প্রীতির বাবা লুকেশ ওড়ান সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দণ্ডবিধির ৩০৪ (ক) ধরায় অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত শেষে গত ৩১ মার্চ ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের উপ-পরিদর্শক এস এম মাহমুদ রেজা দুই জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় গত ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। 
এদিকে আশফাকুল হক ও তানিয়া খন্দকার চার মাস কারাভোগ করে উচ্চ আদালত থেকে জামিন পান।

এনআর/জেআই

বিজ্ঞাপন