চট্টগ্রামের কর্ণফুলী থানায় দায়ের হওয়া মাদক মামলায় মো. শফিকুল ইসলাম (৪৬) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় মনিরুল ইসলাম নামে আরেক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম কুষ্টিয়া জেলার সদর থানার শালদহ পশ্চিমপাড়ার আফি শেখের বাড়ির মৃত আব্দুল শেখের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৭ জুলাই দিবাগত রাতে কর্ণফুলী থানার মইজ্যারটেক মোড় এলাকার কর্ণফুলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার হাতে থাকা একটি লাল রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ১০টি বেটনোভেট-সি ক্রিমের টিউবের ভেতর বিশেষ কৌশলে রাখা ৪ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে শফিকুল জানান, উদ্ধার হওয়া ইয়াবাগুলো তিনি মনিরুল ইসলামের কাছ থেকে কিনেছেন। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ২০২১ সালের ৭ ডিসেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর মামলার বিচার শুরু হয়।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, মামলায় আটজন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত শফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অপর আসামি মনিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।
এমআর/বিআরইউ
