বিজ্ঞাপন

ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির মামলায় চারজন রিমান্ডে

ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির মামলায় চারজন রিমান্ডে

ঢাকার ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির মামলায় গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আসামিরা হলেন, মজিবুর রহমান, জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির এবং কবির হোসেন। 

এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের মামলায় তানভীর আবেদীন বাবু ওরফে খোকনকে চার দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তাদের পৃথক আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম আসামিদের রিমান্ডের এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. শরীফুজ্জামান রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

গত ৩০ আগস্ট দুপুর সোয়া ২টার দিকে ধানমন্ডি ১২ নম্বর সড়কের ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে দিয়ে মো. খোরশেদ আলম (৫০) নামের এক বেকারি ব্যবসায়ী ৩৮ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল অস্ত্রের মুখে তার গতিরোধ করে এবং টাকা নিয়ে পালানোর চেষ্টা করে।

এ সময় চিৎকার শুনে ধানমন্ডি মডেল থানার পুলিশ ও স্থানীয় লোকজন ধাওয়া করে তানভীর আবেদীন ও মো. মজিবুর রহমানকে হাতেনাতে আটক করে। আটকের পর তানভীরের দেহ তল্লাশি করে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়। পরে মজিবুরের দেওয়া তথ্যমতে তাকে নিয়ে অভিযানে গিয়ে দক্ষিণখান থানা এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ।

ডাকাতির ঘটনায় খোরশেদ আলম এবং অস্ত্র উদ্ধারের মামলায় ধানমন্ডি থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম ৩১ আগস্ট মামলা দায়ের করেন।
 
ওই দিনই জাকির হোসেন, কবির হোসেন ও তানভীর আবেদীনকে আদালতে হাজির করে ধানমন্ডি থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক বাবন উদ্দিন আসামি জাকির ও কবিরকে ছিনতাইয়ের মামলায় ৭ দিন এবং অস্ত্র মামলায় তানভীরের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন একই থানার আরেক উপ-পরিদর্শক জালাল উদ্দিন। ওই দিন আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির দিন রাখেন বুধবার। 

এদিকে মঙ্গলবার বিকেলে নিউমার্কেট এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। আজ কবিরকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। অপর তিন আসামিকেও রিমান্ড শুনানির আগে আদালতে হাজির করা হয়।

এনআর/এমএসএ 

বিজ্ঞাপন