বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপার সঙ্গে দুই সন্তানকে দেখা করার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় গ্রেপ্তার রয়েছেন এই সাংবাদিক।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ অনুমতি দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
অসুস্থ মায়ের সঙ্গে সন্তানদের সাক্ষাতের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন ফারজানা রুপার আইনজীবী সিফাত মাহমুদ শুভ। তিনি ট্রাইব্যুনালকে বলেন, কারাগারে অসুস্থ হয়ে গত ৩০ আগস্ট থেকে বিএমইউতে চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক ফারজানা রুপা। মায়ের সঙ্গে দেখা করতে চায় এক ছেলে ও এক মেয়ে। এজন্য ট্রাইব্যুনালের অনুমতির প্রার্থনা করছি। পরে হাসপাতালে গিয়ে সাক্ষাৎ করার অনুমতি দেন আদালত।
এদিন রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শুনানির নির্ধারিত দিন ছিল। এ মামলায় ৪১ আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন ১১ জন। তবে অসুস্থ থাকায় ফারজানা রুপা ছাড়া বাকি ১০ আসামি আজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
জানা গেছে, ৩০ আগস্ট সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় ফারজানা রুপাকে বিএমইউতে ভর্তি করা হয়। কারাগারে থাকা অবস্থায় বেশকিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। বর্তমানে হাসপাতালের প্রিজন সেলে তার চিকিৎসা চলছে।
এমআরআর/আরএফ
