সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকার ২৮৪ শতক জমি ও দুটি জিপ জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ছয়টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন। এদিন দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা আবেদনটি করেন।
ওই আবেদনে তিনি উল্লেখ করেন, মুজিবুল হক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে তথা পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে পরস্পর যোগসাজশে ৭ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রাখায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্তকালে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, আসামি তার নামের স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে ক্ষতির আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
এনআর/আরএফ
