একাধিক বিয়ে ও তালাকের তথ্য গোপন করে নিজেকে ‘অবিবাহিতা’ দাবি করে বিয়ের অভিযোগে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকার আদালতে স্বামী উদয় জালাল দীপ মামলা করেছেন। পাশাপাশি, বিয়ে ও কাবিননামা অবৈধ ঘোষণার প্রার্থনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার ৩য় সিনিয়র সিভিল জজ খাদিজা আক্তারের আদালতে এ মামলা হয়। শুনানি শেষে স্ত্রী শেখ অবন্তী ঐশীকে আদালতে হাজিরে সমন জারি করেন আদালত। বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান এ তথ্য জানান।
এদিন মামলার বাদী আদালতে হাজির হন। এরপর মামলা গ্রহণের বিষয়ে শুনানি হয় শুনানিতে আইনজীবী ইশরাত হাসান জানান, বাদীর স্ত্রী নিজেকে কুমারী পরিচয়ে বিয়ে করেন। বিয়ের পর একাধিক বিয়ে সম্পর্কে তিনি জানতে পারেন। তার বিয়ের দুইটি কাবিননামা পেয়েছি। ভবিষ্যতে যাতে কেউ এইভাবে প্রতারণা করে বিয়ে করতে না পারে, সেই দৃষ্টান্ত উপস্থাপনে আইনের আশ্রয় নেওয়া হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, বিবাদী অবন্তী ঐশী নিজের পূর্ববর্তী বিয়ে ও তালাকের তথ্য গোপন করে নিজেকে অবিবাহিতা হিসেবে উপস্থাপন করেন। সেই তথ্য বিশ্বাস করেই বাদী জালাল দীপ ২০২৪ সালের ১২ ডিসেম্বর ২০ লাখ টাকা দেনমোহরে তাকে বিয়ে করেন। দেনমোহরের অংশ হিসেবে সাড়ে ৪ লাখ টাকা দেন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তিনি জানতে পারেন, বিবাদী এর আগেও একাধিকবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পর বাদী দাম্পত্য জীবনের প্রতি আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে তাকে বিভিন্ন সময়ে দেনমোহরের অপরিশোধিত অংশ, পারিবারিক প্রয়োজন, ব্যক্তিগত আর্থিক সংকটসহ ইত্যাদি বিভিন্ন কারণে প্রায় ৩০ লাখ টাকা দেন। সাড়ে ৮ ভরি স্বর্ণের গহনা দেন তিনি।
এনআর/এসএএস
