ছাত্রীকে যৌন হয়রানির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক ওয়াসেল বিন সাদাতকে চুড়ান্ত বরখাস্তের আদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুরাদ হোসাইন।
গত ৪ আগস্ট ছাত্রীকে যৌন হয়রানির দায়ে ওয়াসেল বিন সাদাতকে চুড়ান্ত বরখাস্ত করা হয়। এর আগে ছাত্রীকে যৌন হয়রানির দায়ে তাকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২০২৩ সালের আগস্টে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী শিক্ষক ওয়াসেল বিন সাদাতের কক্ষে থিসিস জমা দিতে এসে যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন। শিক্ষক ওয়াসেল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি কোর্সের এক্সটারনাল হিসেবে দায়িত্বরত। এ বিষয়ে সমকালে ‘ঢাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ছাত্রীর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
অভিযোগপত্রে ওই ছাত্রী উল্লেখ করেন, অধ্যাপক ওয়াসেল তার থিসিস সুপারভাইজার। গত ১৫ আগস্ট থিসিসের বিষয়ে দেখা করতে এলে তিনি অত্যন্ত অমার্জিত আচরণ করতে শুরু করেন। পরে ওয়াসেল তাকে মৌখিক ও শারীরিকভাবে হ্যারাস (হয়রানি) করেন। ওইদিন অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় পুরো ভবন খালি ছিল।
এমএইচডি/আরএফ
