রাজধানীর মিরপুর-১ থেকে টেকনিক্যাল পর্যন্ত প্রধান সড়ক ও ফুটপাত থেকে ফেলা রাখা বর্জ্য অপসারণ এবং ফুটপাতে পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে জনস্বার্থে বিইউবিটি ল'ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিইউএলএ) সাধারণ সম্পাদক ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট এইচ এম রাশিদুল ইসলাম (রাশেদ) এই নোটিশ পাঠান।
নোটিশটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বরাবরে পাঠানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা ও নাগরিক শৃঙ্খলার যে অনুকরণীয় বার্তা দিয়েছেন, তা বাস্তবায়নের জন্য নগর ব্যবস্থাপনার সর্বস্তরে পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় যে, মিরপুর-১ থেকে টেকনিক্যাল পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে প্রধান সড়ক ও ফুটপাতের ওপর প্রতিনিয়ত বর্জ্য লোডিং-আনলোডিং ও স্তূপীকরণ করা হচ্ছে। এর ফলে ফুটপাতগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ছে এবং দুর্গন্ধ, পরিবেশদূষণ, যানজটসহ পথচারীদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
প্রধান ৪ দাবি
১. অবিলম্বে মিরপুর-১ থেকে টেকনিক্যাল পর্যন্ত প্রধান সড়ক ও ফুটপাতে স্তূপীকৃত সব বর্জ্য জরুরি ভিত্তিতে অপসারণ করতে হবে।
২. সড়ক ও ফুটপাতকে বর্জ্য লোডিং-আনলোডিং বা সংরক্ষণের স্থান হিসেবে ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে হবে।
৩. বর্জ্য সংগ্রহ ও পরিবহনের জন্য সিটি কর্পোরেশন নির্ধারিত নির্দিষ্ট স্থান ও পদ্ধতি অনুসরণ করতে হবে।
৪. অঞ্চল-২-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠপর্যায়ে নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে এবং পুনরায় বর্জ্য স্তূপ করা হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
নোটিশে আরও বলা হয়, এই লিগ্যাল নোটিশ প্রাপ্তির পর জরুরি পদক্ষেপ না নেওয়া হলে নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনআর/বিআরইউ
