জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি.এম. তারিকুল কবীরের আদালতে সর্বশেষ সাক্ষী হিসেবে মামলার বাদী উপ-সহকারী পরিচালক জাকির হোসেনের জবানবন্দি গ্রহণ করেন। এরপর সিয়ামের পক্ষে তার আইনজীবী রেজাউল করিম জেরা শেষ করেন। আগামী ২৪ সেপ্টেম্বর আসামির আত্মপক্ষ শুনানির দিন রাখা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন সিয়ামের জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট রেজাউল করিম। দুদকের পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী জামিনের বিরোধিতা করেন। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। মামলাটিতে ১১ জন সাক্ষীর মধ্যে ১১ জনেরই সাক্ষ্য নেওয়া হয়েছে।
এর আগে গত ১৭ জুন এ মামলায় সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় একই আদালত।
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন জাকির হোসেন। তদন্তে সিয়ামের জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পান এই কর্মকর্তা।
এনআর/আরএফ
